Image description

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নামাজের সময় উচ্চস্বরে মাইকিংয়ের প্রতিবাদ করায় এক ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে।

হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে শনিবার (৩০ মে) সকালে পৌর শহরের জামতলা মোড়ে নাগরিক ব্যানারে বিক্ষোভ মিছিল করেন আলেম-ওলামারা।

এর আগে শুক্রবার (২৯ মে) এশার নামাজের সময় উপজেলার যশরা ইউনিয়নের বখুরা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার মাওলানা ইউসুফ ওই এলাকার হরদারবাড়ি মসজিদের ইমাম।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ও সাংবাদিক সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ একরাম উল্লাহ, খায়রুল উম্মাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম উসমানী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফজলুল হক, কোর্ট ভবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন আসাদী, বরবী ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ইউসুফ বিন মনির, ইত্তেফাকুল উলামা গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, যশরা ইউনিয়নের বখুরা গ্রামে হরদারবাড়ি এলাকায় ঈদ উপলক্ষে স্থানীয় যুবকরা মসজিদের পাশে একটি মেলার আয়োজন করেন। মেলায় এশার নামাজের সময় উচ্চস্বরে মাইকিং চলায় ইমাম ইউসুফ প্রতিবাদ জানান। এতে মেলার আয়োজকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে স্থানীয় যুবকরা তাকে মারধর করে গুরুতর আহত করেন।

পিটুনিতে ইমামের বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।