Image description

ঈদযাত্রা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিক সমিতির প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জরুরি ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে করে দরিদ্র, শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার দাবি জানিয়েছে এই সংগঠন।

 

সোমবার (২৫ মে) দেশের গণমাধ্যমে পাঠানো বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃক তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে ঈদুল আজহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন।

 

গণমাধ্যমে পাঠানো বার্তায় যাত্রী কল্যাণ সমিতি জানায়, অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্য না থাকায় চট্টগ্রাম থেকে স্বল্প ভাড়ায় রডবোঝাই ট্রাকে করে শ্রমজীবী মানুষ সুদূর নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়। নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

এই সংগঠন আরও জানায়, প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্যহীন খেটে খাওয়া, কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো লাখো মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবোঝাই ট্রাকের ওপর কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে। যাদের ঘাম শ্রমে আমাদের অর্থনীতি মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি।

 

অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে বাস মালিক সমিতির প্রতিশ্রুতি রক্ষা করা, সরকারের কঠোর নির্দেশনা মান্য করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান মোজাম্মেল হক চৌধুরী।

 

এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়া থেকে বিরত থাকা, নিজের ও নিজের পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলে বাসের ছাদে, পণ্যবোঝাই ট্রাকের ছাদে, খোলা ট্রাকে, ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা, ফিটনেসবিহীন বাস ও লঞ্চে আরোহণ না করার জন্য দেশের যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানায় যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত এই সংগঠন।