Image description

কাঁটাতারের বেড়া কিংবা কোনো স্থাপনা সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে করার সুযোগ নেই বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সাফ জানিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৩) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারত সীমান্তবেষ্টিত তিনবিঘা করিডোরে অনুষ্ঠিত উভয় বাহিনীর বৈঠকে বিজিবির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একাধিক সীমান্তে শুক্রবার বিজিবির বাধার ফলে আজ নিজেদের জমি মাপজোখ কার্যক্রম বন্ধ রাখে ভারত। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল তিনবিঘা করিডোর এলাকাসহ কয়েকটি সীমান্তে বিজিবি-বিএসএফ চরম উত্তেজনা দেখা দেয়।

বৈঠকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। তবে সূত্র জানায়, শূন্যরেখায় বাঁশের খুঁটি স্থাপনের কারণে বিজিবি অস্ত্র তাক করে ‘ফায়ারিং পজিশনে’ যায়, যাকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসাবে বৈঠকে উল্লেখ করে বিএসএফ।

জবাবে বিজিবির পক্ষ থেকে বলা হয়, ‘চুক্তি লঙ্ঘন করে শূন্যরেখায় খুঁটি স্থাপন করায় আত্মরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।’

 

বিজিবি সূত্র জানায়, প্রায় দেড় ঘণ্টার বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। অপরদিকে উপস্থিত ছিলেন ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিনোদ রেঢু ও ৩০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস নারায়ণ মিশরা।

সূত্র জানায়, বৈঠকে বিএসএফ দাবি করে ‘সীমান্তের শূন্যরেখা থেকে ৫০ গজ ভারতীয় নাগরিকদের জমি অধিগ্রহণের লক্ষ্যে মাপজোখ করে ৩ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছিল।

কিন্তু এটিকে কেন্দ্র করে বিজিবি জওয়ানরা অস্ত্র তাক করে ফায়ারিং পজিশনে যায় যা ‘অনাকাঙ্ক্ষিত’।

 

প্রতিউত্তরে বিজিবি উল্লেখ করে, ‘১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ অনাকাঙ্ক্ষিত। কিন্তু বিএসএফ সেই চুক্তি উপেক্ষা করে খুঁটি স্থাপন করায় আত্মরক্ষার জন্য বিজিবি প্রতিরোধমূলক অবস্থান গ্রহণ করেছিল।’

সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে তা অবশ্যই শূন্যরেখার ১৫০ গজের বাইরে হতে হবে বলেও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে স্মরণ করিয়ে দেওয়া হয়।

এদিকে তিনবিঘা করিডোর এলাকা পরিদর্শনে এসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেখলিগঞ্জ বিধানসভা থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক দধিরাম রায় দেশটির সাংবাদিকদের বলেন, ‘পরিদর্শনে এসে বিএসএফের সঙ্গেও বৈঠক করেছি।

সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চলমান কাজ বন্ধ হবে না। পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চলবে, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজও অব্যাহত থাকবে।’

 

গত বৃহস্পতিবার ও শুক্রবার পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ, তিনবিঘা করিডোর ও দহগ্রাম সীমান্তে বিজিবিকে না জানিয়ে শূন্যরেখায় জমি মাপজোখ ও বাঁশের খুঁটি স্থাপন শুরু করে বিএসএফসহ ভারতীয় কর্তৃপক্ষ। চুক্তি লঙ্ঘন করে এ কাজ করায় বিজিবি এ কাজে বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। ফলে দেশটির পক্ষ থেকে কোথাও লাগানো খুঁটি সরিয়ে নেওয়া হয়, কোথাও কাজ বন্ধ রেখে পিছু হটে তাদের লোকজন।