Image description

খাবারের গুণগত মান নিশ্চিত না করে ভেজাল ও নিম্নমানের ঘি এবং বোরহানি তৈরি ও বিক্রির অভিযোগে রাজধানীর জনপ্রিয় সিরাজ চুই গোশত রেস্তোরাঁ ছয় লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

শনিবার (২৩ মে) ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত-২-এর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) নুসরাত সাহারা বিথী এই আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি সিরাজ চুই গোশত রেস্তোরাঁ থেকে ঘি ও বোরহানির নমুনা সংগ্রহ করা হয়। ল্যাব পরীক্ষায় সেই নমুনাগুলোতে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান এবং নিম্নমানের উপাদানের উপস্থিতি ধরা পড়ে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।

 

এরই প্রেক্ষিতে শনিবার আদালতে মামলার শুনানির দিন ধার্য ছিল। শুনানি চলাকালীন রেস্তোরাঁ কর্তৃপক্ষ নিজেদের পক্ষে কোনো বৈধ প্রমাণ উপস্থাপন করতে না পেরে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে।

 

আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী আসামিদের অপরাধ বিবেচনা করে ছয় লাখ টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে সেই জরিমানার টাকা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ঘি ও বোরহানির যথাযথ গুণগতমান নিশ্চিত না করে কোনো অবস্থাতেই উৎপাদন, বাজারজাত ও খাবার তৈরি না করার জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেন আদালত।