Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প নতুন কোনো উদ্যোগ নয়। দীর্ঘদিন ধরেই সংগঠনটি সর্বস্তরের নগরবাসীর জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসন ও ঢাকা উত্তর সিটির ওয়ার্ডে ওয়ার্ডে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

 

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, উত্তরায় জামায়াতের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবেন। দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় চিকিৎসাসেবা সহজীকরণে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

 

তিনি জানান, চিকিৎসাসেবা সহজ করতে তাদের সংগঠন অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি ইমার্জেন্সি কলের মাধ্যমে রোগীর বাসায় ডাক্তার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। দেশের চিকিৎসা খাতে বাজেট অন্যান্য দেশের তুলনায় কম হলেও বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না।

 

উন্নত বিশ্বের মতো ঢাকাবাসীর জন্য আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চান সেলিম উদ্দিন। পাশাপাশি পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা উত্তর সিটি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের সফলতা কামনা করেন। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেলিম উদ্দিন চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সেবার করার জন্য নগরবাসীর দোয়া ও সহযোগিতা চান।

 

এ সময় চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জিহাদ খান ও হাসান বান্নাসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও উপস্থিত ছিলেন, জামায়াত উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানার আমির মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমির ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানা নায়েবে আমির কামরুল হাসান, মহানগরী যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ ও ডা. শফিকুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।