Image description

রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্ট ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাসের ব্যবধানে এই ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গু‌লি ছোড়ার ঘটনা ঘটল। গত শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজ শনিবার বলেন, দুর্বৃত্তরা হেলমেট পরে মোটরসাইকেলে এসে গুলি করেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ওসি খালিদ মনসুর। তিনি বলেন, এর আগে ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এক দফা গুলি চালানো হয়েছিল। থানা-পু‌লি‌শের পাশাপাাশি গো‌য়েন্দা বিভাগও এ ঘটনায় কাজ কর‌ছে।

কী কারণে এমন গুলির ঘটনা ঘটছে এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ধারণা করা হচ্ছে ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে গুলি চালানো হয়েছে। প্রথমবার গুলির ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করেছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে চাননি।