Image description

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে শনিবার সকালে নেত্রকোনা জুলাই চত্বরে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম। শহরের জয়ের বাজার মোড়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তিনি একাই প্রতীকী অবস্থান করেন। 

 

এ সময় কয়েকজন পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে এসে তার সাথে যোগ দেন সংগঠনটির জেলা কমিটির নেতা রফিকুল ইসলাম শুভ। সংগঠনটির আর কোনো নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন না।

পরে সোহাগ মিয়া প্রীতম বলেন, ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর যে হামলা হয়েছে তা ন্যক্কারজনক। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে। ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির লোকজন যে হামলা চালিয়েছে তাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য লজ্জার। অবিলম্বে আসামিদের গ্রেফতার করার দাবি করেন।

ঝিনাইদহের এ ঘটনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।  এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।‎ শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।

আসামিরা হলেন- ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আটজন।

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।