Image description

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় এনসিপির পক্ষ থেকে মামলার পর এবার মামলা করেছে ছাত্রদল।

 

শনিবার (২৩ মে) জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. এনামুল কবির বাদী হয়ে এনসিপির ২২ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

 

এর আগে, একই ঘটনায় শুক্রবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১১০ থেকে ১১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন এনসিপি নেতা তারেক রেজা।

 

ছাত্রদলের করা মামলার অন্য আসামিরা হলেন মেহেদী হাসান (আশিক), সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান, তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, লাবাবুল বাশার, শিহাব শাহ, নয়ন, সুলতান, হৃদয়, রুবায়েত হাসান, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার ও ইমরান।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুরে বাদী এনামুল কবির ঝিনাইদহ পৌরসভার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বেলা ১টা ৫০ মিনিটে মসজিদ থেকে বেরিয়ে দেখতে পান, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জেলা শাখার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর সমালোচনা করছিলেন, যাতে ১ নম্বর আসামি তারেক রেজা উসকানি দেন। এ সময় বাদী ও সাধারণ মুসল্লিরা বক্তব্যের প্রতিবাদ জানালে ১ নম্বর আসামির হুকুমে এনসিপির নেতাকর্মীরা ছাত্রদল নেতাদের ওপর চড়াও হন।

 

এজাহারে আরও বলা হয়, আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বাদীকে ঘিরে ধরে মারপিট শুরু করেন। একপর্যায়ে আসামি তানাঈম বাদীকে হত্যার উদ্দেশে ইট দিয়ে মাথায় আঘাত করলে তার কপাল ফেটে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহহেদ, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেন ও জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নয়ন হাওলাদারসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পিস্তলের বাঁট, ধারালো দা ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

এর আগে, শুক্রবার (২২ মে) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বাইরে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত থানায় অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতে পুলিশের পাহারায় ঝিনাইদহ ছাড়েন পাটওয়ারী।