Image description

কথায় কথায় একে অপরকে ট্যাগ দেওয়া থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

 

শনিবার (২৩ মে) বিকেলে বগুড়ার আদমদিঘীতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

 

আইজিপি আলী হোসেন ফকির বলেন, কোনো ঘটনা ঘটলেই পুলিশকে দোষারোপ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু অপবাদ না দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়াতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। সারা দেশে নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হচ্ছে। সবার সহযোগিতা পেলে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, বগুড়াকে মেট্রোপলিটন করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সারা দেশে পর্যায়ক্রমে কমিউনিটি পুলিশিং সভা করা হচ্ছে। পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পুলিশের মহাপরিদর্শক বলেন, জুলাই বিপ্লবে পুলিশের ৬ শতাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যানবাহনের সংকট কাটাতে নতুন করে গাড়ি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরাঞ্চলের কৃষিপণ্যবাহী ট্রাক ও ঈদের আগে পশুবাহী যানবাহন যাতে নির্বিঘ্নে মহাসড়কে চলাচল করতে পারে, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

চেকপোস্টে অযথা হয়রানি বা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইজিপি। তিনি বলেন, দেশের যেসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, প্রয়োজনে সেখানে পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।

 

এর আগে, আদমদিঘী থানা চত্বরে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একইদিনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আদমদিঘীতে আধুনিক থানা ভবনের উদ্বোধন করেন আইজিপি।