Image description

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুপক্ষের আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বকুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার আড়িয়া এলাকায় ঘটে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বকুল হোসেনের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচন এবং এলাকায় প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার অনুসারীদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

বকুলের চাচা কলেজশিক্ষক জালাল উদ্দিন জানান, তারা সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। গত নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর পক্ষে কাজ করেছিলেন।

তার ভাষ্য, নির্বাচনে নুরুজ্জামান হাবলু মোল্লা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুপক্ষের মধ্যে রাজনৈতিক রেষারেষি তৈরি হয়।

জালাল উদ্দিন দাবি করেন, শনিবার সকালে হাবলু মোল্লার অনুসারীরা বকুল হোসেনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে বকুলের পেটে গুলি লাগে। এ ছাড়া ধারালো অস্ত্র দিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহত বকুল হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কারা গুলি চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।