Image description

ফেনীতে ওলামা দল নেতার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শহীদ ইকরাম হোসেন কাউসারের কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফেনী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ফেনী জেলা পরিষদের এক প্যাকেজের আওতায় তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই টাকায় পরশুরামের রাজেষপুর গ্রামে জুলাইযোদ্ধা শহীদ ইকরাম হোসেন কাউসারের কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু হয়।

 

অভিযোগে বলা হয়, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলে গত ১০ মে জেলার ওলামা দলের সদস্য মোহাম্মদ ইব্রাহিমসহ কয়েক ব্যক্তি এসে কাজে বাধা দেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার পর পুনরায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়।

ঠিকাদার দুলাল ভূঞা বলেন, ওয়ালের কাজ শেষ হওয়ার পর গত শুক্রবার রাতে নবনির্মিত বাউন্ডারি ওয়ালটি ভেঙে ফেলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম বলেন, যেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে, সে জায়গা আমাদের। আমি শুধু ঠিকাদারকে আমাদের জায়গা ছেড়ে কাজ করতে বলেছিলাম। বাউন্ডারি ওয়ালটি কারা ভেঙেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।

ফেনী জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক জানান, বিষয়টি দুঃখজনক। আমরা জুলাইযোদ্ধারা এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় যাদের দায় আছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক।

পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।