গণপরিবহন চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত কর্মঘণ্টা মেনে গণপরিবহন চালানোর জন্য সতর্ক করেছে সংস্থাটি। নিয়ম না মানলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ।
শনিবার (২৩ মে) বিআরটিএর পক্ষ থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধিমালা অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। পাঁচ ঘণ্টা গাড়ি চালানোর পর তাকে অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিতে হবে। এরপর একই দিনে সর্বোচ্চ আরও তিন ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি থাকবে। সে হিসেবে একজন চালক দিনে মোট আট ঘণ্টার বেশি এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে বিআরটিএ।
এতে আরও বলা হয়, দীর্ঘ সময় বিশ্রামহীনভাবে গাড়ি চালানোর কারণে চালকদের মধ্যে শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও চালকদের নির্ধারিত সময় মেনে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ।
এ ছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।