সরকারের বিভিন্ন সংস্থায় ষষ্ঠ গ্রেডের উপপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে। বৃহস্পতিবার (২১ মে) এক বছরের জন্য এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগ পাওয়া ছাত্রদল নেতারা হলেন— ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবির ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব।
এর মধ্যে আবদুল্লাহ আল নোমান নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এ, মেহেদী হাসান আবির মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষে আর রাকিবুল হাসান রাকিব নিয়োগ পেয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোতে।
নিয়োগসংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।
জানা গেছে, নিয়োগ পাওয়া ছাত্রদলের এই তিন নেতা বিএনপি চেয়ারম্যানের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর সদস্য ছিলেন। জাতীয় নির্বাচনের আগে তারা এই দায়িত্ব পালন করেছিলেন। ছাত্রদলের এই তিন নেতা ছাড়া আরও তিন ছাত্রদল নেতাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।