কেরানীগঞ্জে এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১০। আটক শাহ পরানের গ্রামের বাড়ি পটুয়াখালীর শেখহাটি এলাকায়।
শনিবার দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্প এলাকার একটি ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, শিশুটির পরিবার ও অভিযুক্ত শাহ পরান দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। দুপুরে শিশুটির মা-বাবা বাসায় না থাকার সুযোগে শাহ পরান শিশুটিকে চকোলেট খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে যান।
তাদের বহনকারী অটোরিকশাচালকের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি র্যাব-১০ এর টহল দলকে জানান।
অটোরিকশাচালক মো. রাকাত হোসেন (৩৮) জানান, যুবকটি শিশুটিকে নিয়ে ঝিলমিল এলাকায় যাওয়ার জন্য তার অটোরিকশায় ওঠেন। পথেই তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তিনি তাদের নামিয়ে কিছু দূরে অপেক্ষা করতে থাকেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বর্তমানে অভিযুক্ত র্যাবের হেফাজতে রয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।