Image description

থাইল্যান্ডের ভেজতানী হাসপাতালে চিকিৎসাধীন পঙ্গু জুলাই যোদ্ধা মাসুদ মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট কায়সার কামাল। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

 

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাসপাতালে মাসুদ মিয়ার শয্যাপাশে গিয়ে তিনি তার সঙ্গে দেখা করেন।

মাসুদ মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় গাজীপুরের সফিপুর এলাকায় আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে আহত হন। তার ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতরভাবে পঙ্গুত্ববরণ করেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন দেশে চিকিৎসা চললেও তেমন উন্নতি না হওয়ায় পরবর্তীতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫ সালের ২৪ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ওই হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত প্রায় আট মাস ধরে তার চিকিৎসা চলছে।

ডেপুটি স্পিকার কায়সার কামাল চিকিৎসকদের কাছ থেকে মাসুদের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় তিনি মাসুদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন বলে জানা গেছে।