Image description

দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশাকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জনতার সঙ্গে উপহাস করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

 

শুক্রবার (২২ মে) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউনুস আহমদ বলেন, রামিসার নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ যখন শোকাহত এবং বিচারহীনতায় নাগরিক সমাজ যখন ক্ষুব্ধ, তখন দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে ‘আমরা মধ্যযুগে নাই’ বলে জনতার আবেগের প্রতি উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই বক্তব্য ও আচরণের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।

 

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা হারিয়ে যেতে বসেছে জানিয়ে তিনি বলেন, বিচারহীনতার কারণে অপরাধীরা ভয়হীন নৃশংস হয়ে উঠেছে। একের পর এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে চলছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। অপরাধ প্রমাণিত হওয়ার পরও বছরের পর বছর কোনো শাস্তি হচ্ছে না।

 

তার মতে, মানুষ বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়েছে। রামিসাসহ নারী ও শিশু হত্যার সব মামলা দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের আসন্ন নির্বাচনে দল ঘোষিত মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, ঐতিহ্যবাহী ঢাকা মহানগর বসবাস অযোগ্য শহর হিসেবে পরিচিত। আমার প্রধান দায়িত্ব হবে, ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠা করা।