কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে এক নাবিকের বিরুদ্ধে আরেক নাবিককে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ‘এমভি কেপিপি–০১’ জাহাজে এ ঘটনা ঘটে। নাবিকদের দুজনই থাইল্যান্ডের নাগরিক। জাহাজ ভাঙা শিল্পের জন্য এই জাহাজটি বন্দরে নোঙর করা ছিল।
থাইল্যান্ডের নিহত নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন তিনি। রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে তাকে আঘাত করে আরেক নাবিক তুরাকর্ণ বুরুসিক।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাফিফং ক্লাহানকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী বলেন, কথা কাটাকাটির জের ধরে থাইল্যান্ডের এক নাবিকের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, অভিযুক্ত তুরাকর্ণ বুরুসিকে জাহাজ থেকে আটক করে প্রথমে আনোয়ারা থানায় নেওয়া হয়েছে। থাইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ভাঙার জন্য আনা হয়েছে বলে জানান তিনি।