অবৈধ মেয়র পুলিশকে দিয়ে ছাত্রদের পিটিয়ে জুলাই গ্রাফিতি আঁকা বন্ধ করতে চায় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জুলাইয়ের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৮ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে হাসনাত বলেন, ‘অবৈধ মেয়র পুলিশ দিয়ে ছাত্রদের পিটিয়ে গ্রাফিতি আঁকা বন্ধ করতে চায়। জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের?’
এর আগে চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে একদল তরুণ-তরুণীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ মে) বেলা পৌনে দুইটার দিকে নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টার সময় নগরের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করা হয়। তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার (১৭ মে) সন্ধ্যায় একই এলাকায় ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নেতা-কর্মীরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে এসব গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে দাবি করে মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা।
পরে এনসিপির নেতা-কর্মীরা চসিক কার্যালয়ের প্রবেশমুখের সামনে অবস্থান নিলে বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা অবস্থান নেন। এরপর উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের দেয়ালে দেয়ালে বিভিন্ন স্লোগান, চিত্র, প্রতিবাদী ভাষা আঁকেন। তাদের এসব চিত্রকর্মে আন্দোলনের স্মৃতি, ক্ষোভ, দাবি বা রাজনৈতিক বার্তা বহন করে তখন। ৫ আগস্ট সরকার পতনের পরও আন্দোলনে পতিত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র আঁকা হয়।