Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তে পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ সদরদপ্তর। ঘটনাটির তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।

শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তবে তার পূর্ণ পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে কাজ চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ব্যক্তির পরিচয় বা অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কেউ যদি সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তিকে চিনে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

তথ্য প্রদানের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে, যেখানে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করে তথ্য জানানো যাবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শীর্ষনিউজ