দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৯ জন। এ হিসাব গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩৬৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৪ হাজার ৪১৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৩০৫ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩৯ হাজার ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৪ হাজার ৯৬৮ জন ছাড়পত্র পেয়েছেন।