Image description

ঢাকার ব্যস্ত জীবনে বদলে যাচ্ছে কেনাকাটার ধরন। একসময় পাড়া-মহল্লায় সীমিত কিছু পণ্য নিয়ে ভ্যান দেখা গেলেও এখন সেই ভ্যানই অনেক এলাকায় হয়ে উঠছে চলমান বাজার। শাকসবজি থেকে শুরু করে মাছ, মুরগি, ফলমূল, কাপড়, ক্রোকারিজ, বেডশিট, পর্দা, ঘর সাজানোর উপকরণ—এমনকি কাঁচা ফুল ও গাছও বিক্রি হচ্ছে ভ্যানে করে। রাজধানীর অলিগলি, আবাসিক এলাকা ও গলির মুখে নিয়মিত এসব ভ্যানের দেখা মিলছে।

বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের একটি বড় অংশ এখন ভ্যান থেকেই দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতে অভ্যস্ত হয়ে উঠছেন। তুলনামূলক কম দাম, দরদামের সুযোগ এবং বাসার সামনেই পণ্য পাওয়ার সুবিধা—সব মিলিয়ে দিন দিন এই ভাসমান বাজার জনপ্রিয় হয়ে উঠছে।

জনপ্রিয় হয়ে উঠছে ভ্যান থেকে কেনাকাটা (ছবি: নাসিরুল ইসলাম)জনপ্রিয় হয়ে উঠছে ভ্যান থেকে কেনাকাটা (ছবি: নাসিরুল ইসলাম)

ক্রেতারা বলছেন, বাজার বা শপিংমলে গিয়ে সময় ও ঝামেলা এড়াতে বাসার নিচে বা গলির মুখেই প্রয়োজনীয় জিনিস পাওয়া এখন অনেক বেশি সুবিধাজনক। যানজট, পার্কিং ঝামেলা কিংবা অতিরিক্ত খরচ ছাড়াই কেনাকাটা করা যাচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও গৃহিণীদের কাছে এই ব্যবস্থা স্বস্তি এনে দিয়েছে।

মালিবাগে ভ্যান থেকে নিজের ছেলের জন্য গেঞ্জি কিনেছেন শামীম হাসান। তিনি বলেন, “ভ্যানের কাপড় হলেও মান ভালো হয়। আবার দোকানের তুলনায় দামও কম, তাই আমাদের জন্য এটা সুবিধাজনক।”

 

একইভাবে সবজি ও ফল কিনতে এখন আর বাজারে যান না শান্তিনগরের বাসিন্দা নূরজাহান বেগম। তিনি বলেন, “বাসার নিচে নেমেই গলির মুখে সবজি আর ফল পাওয়া যায়, সহজেই কিনে ফেলি। বাজারে আলাদা করে যেতে হয় না। আবার অনেক সময় মাছ-মুরগির ভ্যানও চলে আসে, তখন সব একসাথে কেনা যায়।”

জনপ্রিয় হয়ে উঠছে ভ্যান থেকে কেনাকাটা (ছবি: নাসিরুল ইসলাম)জনপ্রিয় হয়ে উঠছে ভ্যান থেকে কেনাকাটা (ছবি: নাসিরুল ইসলাম)

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিশেষ করে মধ্যবিত্ত অধ্যুষিত অঞ্চলগুলোতে—রামপুরা, মালিবাগ, শান্তিনগর, মিরপুর, মোহাম্মদপুর, লালমাটিয়া, পশ্চিম ধানমন্ডি, রাজাবাজারসহ বিভিন্ন এলাকায়—সকালে সবজি ও মাছের ভ্যান, বিকেলে কাপড় বা গৃহস্থালি পণ্যের ভ্যান এবং সন্ধ্যার দিকে ফল ও খাবারের ভ্যান ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় হ্যান্ডমাইক ব্যবহার করেও ক্রেতাদের আকৃষ্ট করছেন বিক্রেতারা।

ভ্যানচালক ও বিক্রেতারা বলছেন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও অতিরিক্ত কর্মচারী খরচ না থাকায় তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে। এতে একদিকে তাদের আয় হচ্ছে, অন্যদিকে ক্রেতাদের কাছেও দাম সহনীয় থাকছে।

জনপ্রিয় হয়ে উঠছে ভ্যান থেকে কেনাকাটা (ছবি: নাসিরুল ইসলাম)জনপ্রিয় হয়ে উঠছে ভ্যান থেকে কেনাকাটা (ছবি: নাসিরুল ইসলাম)

ফলে শহরের ব্যস্ততার মধ্যে নতুন এক ‘ভ্রাম্যমাণ বাজার সংস্কৃতি’ গড়ে উঠছে, যেখানে চাহিদা, সুবিধা আর স্বল্প খরচ—সব মিলিয়ে ভ্যানই হয়ে উঠছে অনেক মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন কেনাকাটার অন্যতম ভরসা।