হাসিনার সময়ে দেশের সংবাদমাধ্যগুলোতে হাসিনা ও তার সরকারের পক্ষে যায় এমন বহু ফেইক নিউজ প্রকাশিত। যেমন, ‘শেখ হাসিনা দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হয়েছেন’, ‘তৃতীয় পরিশ্রমী প্রধানমন্ত্রী হয়েছেন’ বা এরকম আরও অনেক কিছু।
অথবা বিএনপি/জামায়াতের বিপক্ষে যায় এমন ফেইক নিউজও অনেক প্রচারিত হয়েছে। যেমন ‘কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী বলে রায় দিয়েছে’। ’তারেক রহমানের সাথে দুবাইয়ে আইএসআইর বৈঠক’।
কিন্তু আমি এমন একটি কেইস পাইনি যেখানে দেশের সংবাদমাধ্যমগুলোতে এমন একটি ফেইক নিউজ তখন প্রকাশিত হয়েছে যেটা হাসিনা বা তার সরকারের বিপক্ষে যায়, অথবা বিএনপি বা জামায়াতের পক্ষে যায়।
ভুয়া বিশেষজ্ঞদের নামে যে সহস্রাধিক প্রপাগান্ডামূলক লেখা ২০২২ থেকে ২০২৩ এর মধ্যে বাংলাদেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু হাসিনা সরকারের প্রশংসামূলক লেখা ছিল।
কিন্তু কখনো কি ওইসময়ে এসব সংবাদমাধ্যমে ভুয়া নাম পরিচয়ের বিশেষজ্ঞদের লেখা প্রকাশিত হওয়ার সুযোগ ছিল যেগুলো প্রধানবিরোধী দল বিএনপিকে প্রশংসা করে লেখা? ওই সব সংবাদমাধ্যমে সাধারণ একটা লেখা ছাপাতে তো অনেক নামকরা লেখকদেরও বেগ পেতে হয়।
এর কারণ কী? মানে, খালেদা জিয়া বা তারেক রহমানের পক্ষে তো অনেক ফেইক নিউজ তখন সামাজিক মাধ্যমে ছড়াতো। কিম্বা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও তো অনেকে তখন ফেইক নিউজ ছড়াতো। আমরা ফ্যাক্ট চেক করেছি। কিন্তু সেই ফেইক নিউজ গুলো সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠতো না কেন? কিন্তু ওই একই সময়ে হাসিনার পক্ষে বা বিএনপির বিপক্ষে ছড়ানো ভুয়া খবরগুলো সংবাদমাধ্যমের পাতায় প্রায়ই উঠে যেত? কারণ কী?
সিমিলার একটা প্রবণতা এখন দেখা যায় অনলাইন এক্টিভিস্টদের অনেকের ক্ষেত্রে।
ধরেন, আওয়ামী লীগের পক্ষে একটা ভুয়া খবর গেল অথবা আওয়ামী লীগের বিরুদ্ধ শক্তিগুলোর (বিএনপি, জামাত, এনসিপি) বিপক্ষে একটা ভুয়া খবর গেল-- সেটা নিয়ে কথা বলতে কুইক সরব হয়ে যান এসব অনলাইন এক্টিভিস্ট।
রিসেন্ট উদাহরণ হিসেবে বলা যায়, ডাকসুর এক শিবির নেতার নামে আওয়ামী লীগের ছড়ানো ভুয়া স্ক্রিনশট (জাইমা রহমানকে নিয়ে) ইস্যুতে তারা যেমন কুইক সরব হলেন। আবার গত দুইদিন আগে আবু কায়সার নামে এক তরুণের আত্মহত্যার ঘটনাকে যখন আওয়ামী লীগ অনলাইনে ‘হত্যা’ বলে প্রচার শুরু করলো তখনও তারা দ্রুত সরব হলেন।
কিন্তু এমন কি কোন উদাহরণ আছে (থাকলে কেউ আমাকে দিয়েন) যেখানে বিএনপি/ছাত্রদল/এনসিপি/জামায়াত/শিবিরের পক্ষে গেছে একটা ভুয়া খবর অথবা আওয়ামী লীগের বিপক্ষে গেছে একটা ভুয়া খবর এবং সেই ভুয়া খবরের ভিত্তিতে সরব হয়েছেন এসব এক্টিভিস্টরা? যদি এমন উদাহরণ না থাকে, তাহলে এর পেছনে কারণটা কী?
জিনিসটা আমার বুঝে আসে না। কেউ বুঝায়া দিলে উপকৃত হবো।