Image description

উত্তর আফ্রিকার দেশ লিবিয়াতে মানব পাচারকারী চক্রের নির্মম নির্যাতনে প্রাণ হারিয়েছেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার তছির ফকির (৪২)। মঙ্গলবার (১২ মে) রাতে তার মৃত্যুর খবর পরিবারে পৌঁছায়।

নিহত তছির ফকির রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের কালু ফকিরের ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় আট মাস আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তছির। স্বরমঙ্গল গ্রামের দালাল রফিকুল ইসলাম বাঘার প্রলোভনে পড়ে তিনি প্রথমে লিবিয়ায় যান। সেখানে পৌঁছানোর পরই মানব পাচারকারী মাফিয়া চক্রের হাতে বন্দি হন তিনি।

অভিযোগ রয়েছে, বন্দিশালায় রেখে তছিরের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। প্রথমে ২৫ লাখ টাকা নেওয়ার পর আরও প্রায় ২০ লাখ টাকা আদায় করে চক্রটি। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাকে লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অজুহাতে পরে আরও ২ লাখ ৩০ হাজার টাকা নেয় দালালরা। সব মিলিয়ে পরিবারকে প্রায় ৪৮ লাখ টাকা দিতে হয়—জমিজমা বিক্রি ও ধারদেনা করে।

তবুও শেষ রক্ষা হয়নি। কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর লিবিয়ায় থাকা পরিচিতজনদের মাধ্যমে পরিবার জানতে পারে, তছির মারা গেছেন। অভিযোগ রয়েছে, মৃত্যুর পর তার মরদেহ গুম করারও চেষ্টা করা হয়।

তছিরের ভাই শাহীন ফকির বলেন, “আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু তারা সুযোগ দেয়নি। এখন আমরা ভাইয়ের মরদেহ দেশে আনার দাবি জানাই এবং দালালদের বিচার চাই।”

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত দালাল রফিকুল ইসলাম বাঘা ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক বলেন, পরিবার থেকে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রয়োজনীয় সহায়তা চাওয়া হলে প্রশাসন তা দেবে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ