রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিয়েছেন।
বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন মঞ্জুর করা হয়। তবে আদালতকে তিনি জানান, ভবিষ্যতেও তিনি নিজে উপস্থিত হয়ে হাজিরা দিতে চান।
শুনানির সময় লতিফ সিদ্দিকী বিচারকের উদ্দেশে বলেন, এভাবে বিচারব্যবস্থা চলতে পারে না। গত ছয় মাস আগে এই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছিল। আজ সেই আদেশ দিলেন। আমি আদালতে আসব, হাজিরা দেব। আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।
এ সময় বিচারক বলেন, সেটা আপনার ইচ্ছা। আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে। পরে হাজিরা দিয়ে হাসিমুখে আদালত ত্যাগ করেন তিনি।
এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরার জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি।
লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী বলেন, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করলেও লতিফ সিদ্দিকী আদালতকে জানিয়েছেন, তিনি সশরীরে হাজিরা দিতে চান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর অংশ হিসেবে ২৮ আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি সেখানে ঢুকে হট্টগোল, স্লোগান ও ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় কয়েকজন অংশগ্রহণকারীকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে।
এ ঘটনায় ২৯ আগস্ট শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুলিশের উপপরিদর্শক আমিরুল ইসলাম।