রাজধানীর কোতোয়ালি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ভিকটিম রিপন (৩৬) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সরকারের সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. জাহাঙ্গীর আলমকে (৫৫) গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১৩ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আদালতে এ সাবেক সচিব জাহাঙ্গীরকে হুইলচেয়ারে করে নিয়ে আসা হয়। তিনি খুব অসুস্থ।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টায় কোতোয়ালি থানাধীন সদরঘাট ডিআইটি বাজার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে ভিকটিম রিপন গলায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ আগস্ট দিবাগত রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক সচিব জাহাঙ্গীর আলম বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।