Image description

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধাপে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোয় আগামী ২৪ মে থেকে একযোগে এই ছুটি কার্যকর হতে যাচ্ছে।

 

তবে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এর আগে ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন থাকায় ২১ মে হবে চলতি মাসের শেষ কার্যদিবস। ফলে ২২ মে থেকে ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ খ্রিষ্টাব্দের সংশোধিত শিক্ষাপঞ্জির ছুটির তালিকা অনুযায়ী এ তথ্য নিশ্চিত জানা গেছে।

 

কোন শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে

 

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোয় ছুটি থাকবে ২৪ মে থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। তারপর ৫ ও ৬ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন (রোববার) থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হবে।

 

ফলে মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

 

এছাড়া দেশের সব মাদরাসা- আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে আরও দীর্ঘ হচ্ছে ছুটি। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি থাকবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন (রোববার) থেকে শ্রেণিকক্ষ খুলবে। এ হিসাব অনুযায়ী- ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা।