Image description

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার চিরকাল ক্ষমতায় থাকবে না, তবে রাষ্ট্র ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় একটি শক্তিশালী মিডিয়া কাঠামো অপরিহার্য, যা যেকোনো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার জনগণের কল্যাণে নেওয়া বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তা গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

উপদেষ্টা জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিপিসির পরিশোধন সক্ষমতা বছরে ৩ মিলিয়ন মেট্রিক টন পর্যন্ত বৃদ্ধি পাবে। বর্তমানে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আনার ক্ষেত্রেও সরকার সহযোগিতা করেছে।

শিক্ষা খাতে ডিজিটালাইজেশনের অংশ হিসেবে “ওয়ান টিচার ওয়ান ট্যাব” কর্মসূচির আওতায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষককে ট্যাব বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হাওর অঞ্চলের ফসল কাটা প্রায় সম্পন্ন হয়েছে এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। পাশাপাশি খাদ্য সংগ্রহ অভিযানও চলমান রয়েছে।

টিসিবি কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ঈদুল আজহা সামনে রেখে টিসিবির ট্রাক সেলের সংখ্যা ৭২০-এ উন্নীত করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বাড়ানো হবে।

তিনি জানান, ভূমিসেবা সম্পূর্ণ ডিজিটাল করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে।

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও তিনি জানান। এটি দুর্যোগ ঝুঁকি মোকাবিলা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবশেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সরকারের ভালো কাজ যেমন তুলে ধরবেন, তেমনি যেকোনো সমস্যা বা অনিয়মও তুলে ধরবেন, এটাই গণতন্ত্রের শক্তি।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায় এবং যেকোনো তথ্য যাচাইয়ের জন্য সাংবাদিকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন।