ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢাবি) ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৮০ বছর এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।