মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের গরু চুরির ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সোহেল (৩৭) কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে এবং স্থানীয় যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপর আসামি কসাই মকবুল (৩৫) বাসাইল এলাকার মৃত মোকলেস মিয়ার ছেলে।
জানা গেছে, গত ৬ মে দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোরামারা গ্রামে শুশংকর মন্ডলের একটি লাল রঙের ষাঁড় গরু চুরি হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে থেকে কৌশলে গরুটি নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় প্রাপ্ত সিসিটিভি ফুটেজে সোহেলসহ আরও কয়েকজনকে গরু চুরি করতে দেখা যায়।
সিসিটিভি ফুটেজসহ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে হাজীগাঁও এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে অভিযুক্ত মূল আসামি সোহেলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চোরাই গরু বিক্রির টাকা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জবাই করা গরুর চারটি পা উদ্ধার করা হয়। এ ছাড়া গরু বিক্রির নগদ ৫ হাজার ৬৭৫ টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগী শুশংকর মন্ডলের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।