Image description

শিক্ষকদের পদোন্নতি নিয়ে জটিলতা তৈরির হওয়ায় চলমান আন্দোলনের মধ্যে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর অধ্যাপক ড. মো. রাহাত হোসাইন ফয়সাল ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ডক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল। অপরদিকে একদিন দুপুরে উপাচার্যর কাছে সিন্ডিকেট সদস্যের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দিয়েছেন সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ তানভীর কায়সার।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক আন্দোলন করে আসছেন গত ২১ এপ্রিল থেকে। শিক্ষদের অভিযোগ, নানা সময়ে উপাচার্য আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি। উপাচার্য বলছেন সংবিধি প্রণয়ন না করে শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব নয়।

 

গত শনিবার পদোন্নতি জটিলতা নিরসনের জন্য জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়।

অনুষ্ঠিত ৯৪তম সিন্ডিকেট সভায় সংবিধি প্রণয়ন করার পরে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের এ সিদ্ধান্তের পর রবিবার বৈঠকে বসেন শিক্ষকরা। এর পর এদিন দুপুরে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন ড. মোহাম্মদ তানভীর কায়সার।

 

পদত্যাগের বিষয়ে সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, উপাচার্যের কার্যক্রমে তিনিসহ তার সহকর্মী শিক্ষক কর্মকর্তা সবাই হতাশ। উপাচার্য তাদের ন্যায্য দাবি উপেক্ষা করেছেন। সার্বিক বিষয় নিয়ে উপাচার্যকে বারবার অনুরোধের পরও কোনো কাজ না হওয়ায় পদত্যাগ করছেন তিনি। শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে তারা পরবর্তীতে ব্রিফ করবেন বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ তানভীর কায়সার কালের কণ্ঠকে বলেন, ‘আমি সিন্ডিকেট সভায় শিক্ষকদের পক্ষে কথা বললেও তা উপেক্ষা করা হয়।

শিক্ষকদের দাবির বিষয়টি বারবার বলা সত্ত্বেও তা অগ্রাহ্য করা হয়েছে। এ কারণে আমি আমার পথ থেকে পদত্যাগ করেছি।’

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘আমার কাছে এখনো পদত্যাগের কোনো চিঠি আসেনি। তবে আমাকে মৌখিকভাবে জানিয়েছিলেন অব্যাহতি দেওয়ার জন্য।’