আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে দেশের সব মা এবং বিশ্বের মায়েদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মায়েদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
রোববার ( ১০ মে) দেওয়া এক বাণীতে তিনি বলেন, একজন সন্তানের সফলতার পেছনে মায়ের ত্যাগ, পরিশ্রম ও অনুপ্রেরণা সবচেয়ে বড় ভূমিকা রাখে। সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে মায়েরা সবসময় দৃঢ় ও আপসহীন দায়িত্ব পালন করেন।
মির্জা ফখরুলের ভাষ্য, পরিবারে মায়ের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। মায়ের শিক্ষা ও মূল্যবোধ থেকেই একটি শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে। একজন আদর্শ মায়ের সান্নিধ্যে সন্তান মানবিক ও নৈতিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে ওঠে।
তিনি আরও বলেন, মানুষের জীবনে মা হচ্ছেন সবচেয়ে নিরাপদ আশ্রয়। মাকে সম্মান জানানোর জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন না হলেও মা দিবস ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ উপলক্ষ।
বাণীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের নারী সমাজের উন্নয়ন এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া দৃঢ় অবস্থানে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। এ কারণেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
সবশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মায়েদের যথাযথ সম্মান ও দায়িত্ব পালন করা সবার কর্তব্য। কারণ, একজন সুনাগরিক গড়ে তুলতে মায়ের মর্যাদা ও অবদান সম্পর্কে সচেতনতা অত্যন্ত প্রয়োজন।
শীর্ষনিউজ