আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপি কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা ইয়াসির আরাফাত এ তথ্য জানান।
দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নিতে রোববার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা করবেন আসিফ মাহমুদ।
সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এ ছাড়াও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন।
সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।