Image description

জীবন বাজি রেখে তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করলেও নিজেরা বের হতে পারেননি। টিন আর কাঠে মোড়ানো সাজানো সেই ঘরের সঙ্গে পুড়ে ছাই হলেন আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম। শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল গভীর রাতে ওই বাড়িতে আগুন লাগার পর তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম তাদের তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করলেও দুজনেই ঘটনাস্থলে মারা যান।

এদিকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেজে যায় ভোর চারটা। ততক্ষণে পুড়ে যায় পুরো ঘরটি।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা দোহার থানার এসআই সুমন সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুজন পুড়ে মারা গেছেন। তবে পরিবার ময়নাতদন্তের পক্ষে না। ওই দপ্ততির ৪ সন্তান, ৪ জনই মেয়ে। তারা সবাই সুস্থ আছেন।’

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগুনে পুড়ে দুইজন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’