রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন। অস্ত্রধারী দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় তাকে গুলি করে হত্যা করা হয়।
শনিবার (৯ মে) ভোরে জেলার সাজেক ও দীঘিনালা সীমান্তের মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। তিনি ইউপিডিএফের (প্রসিত) শুকনাছড়ি এলাকার কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার সকালে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। বিষয়টি আঁচ করতে পেরে হেগেরা চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে হেগেরা চাকমা মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘নিহত হেগেরা চাকমা আমাদের কর্মী। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নব্য মুখোশধারীরা জড়িত।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা থেকে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলা যাবে।
শীর্ষনিউজ