বিচারকদের নিরপেক্ষ ও স্বাধীনভাবে বিচারিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচারকদের চিন্তা-চেতনায় স্বাধীনতা বজায় রেখে সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত নেয়াই তাদের প্রধান দায়িত্ব।
শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বাড়াতে হবে। জুডিশিয়ারির ওপর মানুষের বিশ্বাস ও নির্ভরতা শক্তিশালী করা জরুরি।”
তিনি আরও বলেন, “আমরা চাই প্রধান বিচারপতির বাসভবনসহ বিচার বিভাগের প্রতিটি প্রতিষ্ঠান মানুষের আস্থা ও শ্রদ্ধার জায়গায় পরিণত হোক। এটি যেন কোনো ধরনের ক্ষোভ বা নেতিবাচক পরিস্থিতির কেন্দ্র না হয়।”
মন্ত্রী বিচারকদের উদ্দেশে বলেন, “কোনো দাবি বা সমস্যা থাকলে তা সুপ্রিম কোর্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করা হবে।”
তবে সবাইকে তিনি অনুরোধ করেন জনপ্রিয়তার চেয়ে সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণে অগ্রাধিকার দিতে।
অনুষ্ঠানে বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ