Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং উন্নয়ন কার্যক্রমে বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে।

শনিবার (৯ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, এখন তারাই জনগণের সেই রায় বাস্তবায়নে পিছিয়ে যাচ্ছে। তার দাবি, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং এ বিষয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক বিবেচনা ও আঞ্চলিক পক্ষপাত দেখা যাচ্ছে। নির্দিষ্ট কিছু এলাকায় বড় বড় প্রকল্প নেওয়া হলেও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলকে উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, উত্তরাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে রংপুর ও দিনাজপুর অঞ্চলের মানুষের এ দাবি বাস্তবায়ন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের নেতারা এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ