রাজধানীর বনানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে মিরপুর ডেন্টাল হাসপাতালের এক আউট সোর্সিং কর্মচারী আহত হয়েছেন। তার বাড়ি বরগুনা সদরের ঘরবাড়ীয়া গ্রামে। তার বাবা প্রয়াত আব্দুল রশিদ। মহাখালী আইপিএস স্টাফ কোয়ার্টারে থাকতেন রফিকুল।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
তিনি পায়ে গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। বর্তমানে ঢামেকে তার চিকিৎসা চলছে।
আহত রফিকুলের বোন রাশেদা জানান, ঘটনার সময়ে মহাখালী পুরনো কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিল রফিকুল। সে সময় অজ্ঞাত ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এতে একটি গুলি তার বাঁ ঊরুতে বিদ্ধ হয়। তবে কী কারণে বা কেন গুলি করেছে, সে ব্যাপারে কিছুই জানতে পারেননি তিনি।