সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি ও ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ভারতের পশ্চিমবাংলার নির্বাচনে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি জেতার পর যে ধরনের সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছে বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ সদস্যদের উপস্থিতিতে মিছিল থেকে মঙ্গলবার সন্ধ্যায় হামলা চালিয়ে একাধিক দোকান মাটিতে মিশিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুলডোজার দিয়ে নিউমার্কেটের দোকান ভাঙা শুরু হয়। মার্কেটের একটি বড় অংশজুড়ে চালানো হয় ভাঙচুর। নিউমার্কেটের বেশিরভাগ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিজেপি কর্মীরা এ সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছিল। পুরো এলাকা ছিল বিজেপির পতাকায় মোড়া। ভাঙচুর চালানোর সময় কলকাতা পুলিশের অসংখ্য সদস্যকে সেখানে দেখা যায়। পুরো ঘটনা পুলিশ সদস্যদের সামনেই ঘটে।
তার মতে, যে নির্বাচন বা যে গণতন্ত্র সংখ্যালঘুর নিরাপত্তাহীনতার কারণ হয়, তা কোনো নির্বাচন হতে পারে না। কোনো গণতন্ত্র হতে পারে না।
ভারত সরকারকেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিকভাবে বিজেপিকে দায়িত্ব নিতে হবে।
বিজেপি কর্মীদের এমন নোংরা সাম্প্রদায়িক মানসিকতার তীব্র নিন্দা জানায় ইসলামী আন্দোলন।