Image description

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে কোরবানির ঈদ উপলক্ষে আনা ১০টি গরু লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট এলাকা থেকে ১০টি গরু নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ভোরের দিকে চৌদ্দগ্রামের বালুজুড়ি এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে।

ডাকাতরা প্রথমে ট্রাকের সামনে একটি পিকআপ রেখে ব্যারিকেড তৈরি করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে ট্রাকচালক আকরাম হোসেনকে আঘাত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ট্রাকটি চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে প্রস্তুত থাকা একটি পিকআপে ১০টি গরু তুলে নেয় ডাকাতরা। পরে চালক আকরাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায়।

আহত চালক আকরাম হোসেন জানান, রাত প্রায় ৩টার দিকে একটি পিকআপ হঠাৎ ট্রাকের সামনে এসে দাঁড়ায়। এরপর কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাদের ওপর হামলা চালিয়ে গরুভর্তি ট্রাকটি ছিনিয়ে নেয়।

গরুর মালিক মো. রফিক বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের গরুগুলো চট্টগ্রামের পশুর হাটে বিক্রির জন্য পাঠানো হয়েছিল। কিন্তু পথে ডাকাতদের হামলার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, গরুর মালিক থানায় এসেছেন। ট্রাকচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।