Image description

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আন্তর্জাতিক বাজার থেকে সয়াবিন তেল ও এলএনজি আমদানিসহ মোট ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) নতুন ক্যাম্পাসের ভূমি উন্নয়ন, বিদ্যুৎ অবকাঠামো আধুনিকায়ন, সরকারি ভবন নির্মাণ এবং র‍্যাবের যানবাহন সংগ্রহ।

বৃহস্পতিবার ( ৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ২০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় মোট ১১টি প্রস্তাব উত্থাপন করা হলেও বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব আলোচনা থেকে বাদ দেওয়া হয়। পরে বাকি ১০টি প্রস্তাব অনুমোদন পায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য ভূমি উন্নয়ন কাজের পাঁচটি প্যাকেজে ভেরিয়েশন বাবদ প্রায় ১৯৯ কোটি ৭৭ লাখ টাকার সংশোধিত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানি করা হবে। ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি কাহায়া এনার্জি প্রতিষ্ঠান এই তেল সরবরাহ করবে। এতে সরকারের ব্যয় হবে প্রায় ২৮২ কোটি ৫৭ লাখ টাকা। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪১ টাকা ২৮ পয়সা।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন মাসে সরবরাহযোগ্য এই এলএনজি ভাইটল এশিয়া, বিপি সিঙ্গাপুর এবং গানভর সিঙ্গাপুর থেকে আমদানি করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ১৮৬ কোটি টাকা।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে নতুন সাব-স্টেশন স্থাপন ও ভূমি উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে। তিনটি পৃথক প্যাকেজে কাজগুলো বাস্তবায়ন করবে কনসোর্টিয়াম অব ইইএল অ্যান্ড এফএইচএল এবং রেভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এসব প্রকল্পে ব্যয় হবে প্রায় ২৮৬ কোটি টাকা।

এছাড়া সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট এবং ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে পুনঃনির্ধারিত ট্যারিফ অনুযায়ী বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজেকো) এই বিদ্যুৎ সরবরাহ করবে।

গ্যাসভিত্তিক বিদ্যুতের ইউনিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ টাকা ৬৫ পয়সা। আর ডিজেলভিত্তিক বিদ্যুতের ক্ষেত্রে সিরাজগঞ্জের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা ৬৩ পয়সা এবং ভেড়ামারার জন্য ২০ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় শেরেবাংলা নগরে ১২ তলা অফিস ভবন নির্মাণের একটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। প্রায় ১০৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে জিকেবিপিএল ও নাভানা রিয়েল এস্টেট।

র‍্যাবের সক্ষমতা বাড়াতে ৩টি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ ও ৬০টি এসি মাইক্রোবাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১২২ কোটি ২৭ লাখ টাকা। যানবাহনগুলো সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৬’-এর খসড়া এবং ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে ভর্তুকি দেওয়ার বিষয়ে আংশিক নীতিগত অনুমোদন দেওয়া হয়।