Image description

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন বলেছেন, ইউনিটসমূহ সংগঠনের মূল ভিত্তি। এখান থেকেই ইসলামী আন্দোলনের নেতৃত্ব গড়ে ওঠে। বিভিন্ন সময়ে বাধা-বিপত্তি ও নির্যাতনের মুখেও জামায়াতে ইসলামী সাংগঠনিক শক্তি ধরে রেখে এগিয়ে চলেছে। দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

 

মঙ্গলবার (৫ মে) রাজধানীর মাজার চৌরাস্তা এলাকার একটি রেস্তোরাঁর হলরুমে দলের উত্তরখান পূর্ব থানার আয়োজনে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মো. জামাল উদ্দিন বলেন, প্রতিটি ইউনিট সভাপতি সমাজের সর্বস্তরে ইসলামের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। এ সময় তিনি দাওয়াতি কার্যক্রম জোরদার ও কল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

 

থানা আমির ও ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরখান পূর্ব থানার নায়েবে আমির মো. তাজুল ইসলাম, আব্দুল আউয়াল, শমশের আলী, মারুফ হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হাকিমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি। সম্মেলনে বিপুল রোকন ও ইউনিট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।