Image description

প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে দলটি। মঙ্গলবার (৫ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সেল গঠনের তথ্য জানানো হয়।

এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান করা হয়েছে যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদকে। সেল সদস্য হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এবং যুগ্ম মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহ দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলটির প্রবাসীদের সংগঠন 'এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স'র দেখভাল করবে নবগঠিত গ্লোবাল ডায়াস্পোরা সেল। ২৬টি দেশে এরই মধ্যে কমিটি করেছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স। বিগত জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ'র পক্ষে প্রচারণা ও দলকে আর্থিক অনুদান সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স।