Image description

সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাসায় কাজ করতে বাধ্য করার প্রতিবাদ করায় সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন সুপ্রিম কোর্টের চার এমএলএসএস (অফিস সহায়ক)। তারা হলেন- মো. আসাদুজ্জামান, মোসা. রুক্ষুন নিশা, মো. মিরাজ ও মো. মেহেদী হাসান।

 

মঙ্গলবার (০৫ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শৃঙ্খলাবিধি ভঙ্গের অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এর আগে ৪ মে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে প্রেস ব্রিফিং করেন কয়েকজন এমএলএসএস। এই ব্রিফিংয়ের পরদিনই তাদের এই বরখাস্তের আদেশ আসে।

 

ব্রিফিংয়ে এমএলএসএসরা দাবি করেন, তাদের চাকরির সার্কুলারে অফিস সহায়ক হিসেবে অফিসে ডিউটি করার কথা বলা ছিল, বাসায় ডিউটির কথা উল্লেখ ছিল না। তারপরও তাদের দীর্ঘদিন বিচারপতিদের বাসায় কাজ করতে বাধ্য করা হয়।

 

এরপর গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উদ্যোগে তাদের বাসা থেকে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের অফিশিয়াল কাজে ফিরিয়ে আনা হয়। সম্প্রতি আবারও এই এমএলএসএসদের বিচারপতিদের বাসায় কাজ করতে পাঠানো হয়।