Image description

গুন্ডামি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, “কেউ যদি গুন্ডামি করেন বা অন্যের জায়গা-জমি দখল করেন, ভাগাভাগি করেন—তাহলে আমি আপনার পাশে নেই।”

 

মঙ্গলবার দুপুরে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে খাল খনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “চাকরির জন্য প্রয়োজনে কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব, ব্যবসা করতে চাইলে সহায়তার ব্যবস্থা করব। কিন্তু দুর্নীতি বা অন্যায় কোনোভাবেই বরদাশত করা হবে না।”

এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার থেকে ভুলুয়া নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

বক্তব্যে নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে হুইপ নিজান বলেন, “আওয়ামী লীগ কেন ক্ষমতা থেকে সরে গেছে তা সবাই জানেন। আমরা কোনো ধরনের লুটপাট বা ভাগাভাগিতে নেই। অতীতে প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে জোরপূর্বক স্লোগান দেওয়ানো হতো, আমরা সে সংস্কৃতি চাই না। বরং প্রশাসনের জন্য একটি স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে চাই।”

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং সরকার ভর্তুকি দিয়ে তেল আমদানি করছে। কৃষকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, “যুদ্ধ পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষতি হচ্ছে, তার জন্য বিএনপি দায়ী নয়। দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ, আমরা এই সংকট কাটিয়ে উঠব।”

সবশেষে খাল খনন কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করতে স্থানীয়দের তদারকি করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসের নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ-জামান, কমলনগর থানার অফিসার ইনচার্জ ফরিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. দিদার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।