চট্টগ্রামে ক্রিস্টাল মেথ (আইস) বেচাকেনার সময় ‘জামায়াত ইসলামীর’ এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৭ লক্ষ টাকা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি। সোমবার (৪ মে) সন্ধ্যায় ২নং গেইট সংলগ্ন ফিনলে স্কয়ারের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন- ২৭ বছর বয়সী মো. সাজ্জাদুর রহমান সাকিব ও ২৬ বছর বয়সী মো. আবু ফয়সাল।
সাকিব জামায়াত ইসলামীর ফটিকছড়ি থানার যুব ও ক্রীড়া বিভাগের অফিস সম্পাদক বলে স্থানীয় অনেকেই বলেছে।
তবে ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিনের দাবি সাকিবের সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই। কলেজ জীবনে সাকিব শিবিরের রাজনীতি করতেন। তবে এখন কোনো রাজনীতির সাথে তিনি যুক্ত নন এবং পদপদবীও তার নেই।”
চট্টগ্রাম মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ফিনলে স্কয়ারের সপ্তম তলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল। এসময় দুই ব্যক্তি কৌশলে সটকে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা ওমান প্রবাসী এক মাদককারবারির চক্রের মাধ্যমে এই ক্রিস্টাল আইস সংগ্রহ করে বিক্রির জন্য সেখানে অবস্থান করছিল। উদ্ধারকৃত ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস একটি বায়ুরোধক পলিপ্যাক থেকে জব্দ করা হয়।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্র নিশ্চিত করেছে।
শীর্ষনিউজ