চাঁদপুরের মতলব উত্তরে একটি বসতবাড়িতে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) মধ্যরাতে উপজেলার কালিপুর বাজারসংলগ্ন লোকমান ঢালীর বসতবাড়িতে অভিযান চালিয়ে এই ডিজেল পাওয়া যায়। এ ছাড়া ৯০০ কেজি প্লাস্টিক দানাও পাওয়া যায়। এ সময় অবৈধভাবে ডিজেল ও প্লাস্টিক দানা মজুতের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারসংলগ্ন লোকমান ঢালীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে এনএসআইয়ের একটি পাঁচ সদস্যের টিম, মতলব উত্তর থানা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় যৌথভাবে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৯০০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা শনাক্ত করা হয়। এ অপরাধে লোকমান ঢালীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
এ ছাড়া প্রায় পাঁচ লাখ টাকার সমপরিমাণ ৩ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়েছে। বাকি ৫ হাজার ৬০০ লিটার ডিজেল মজুতের অনুমোদন থাকায় তা লোকমান ঢালী জিম্মায়ই রাখা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া আব্দুল্লাহ আল ইমরান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।