দেশজুড়ে আগামী পাঁচ দিন আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে দেশের আট বিভাগেই ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বিভিন্ন অঞ্চলে দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণও দেখা যেতে পারে।
বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সক্রিয় রয়েছে, যার প্রভাব পশ্চিমবঙ্গ হয়ে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত। এর কারণে আবহাওয়ায় অস্থিরতা তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।
এদিকে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে, যাতে কোনো দুর্ঘটনা এড়ানো যায়।
শীর্ষনিউজ