কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মাহমুদ উল্লাহ (২০) টেকনাফের জাদিমুড়া ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা। সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার (৫ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে তেহরিক-ই-তালিবান পাকিস্তান-সম্পৃক্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুরিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশ আরও জানায়, জব্দ করা ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
শীর্ষনিউজ