Image description

উচ্চশিক্ষা ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে শিগগিরই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে দলটি পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে এবং শিক্ষা-গবেষণার নানা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবে।

ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৫ মে) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানায়। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। দলের অন্য সদস্যরা ছিলেন ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ এবং কাউন্সিলর কামরান দাঙ্গাল।

বৈঠকে পাকিস্তানের হাই কমিশনার জানান, সফরকালে প্রতিনিধি দলটি দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা ও গবেষণাবিষয়ক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হবে। পাশাপাশি পাকিস্তানের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের ফলে উচ্চশিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, তা সরেজমিনে পর্যালোচনার সুযোগ পাবে প্রতিনিধি দলটি।

 

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, এই সফরের মাধ্যমে পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান সরাসরি অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে। এতে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না। সংখ্যাগত দিক থেকে বাংলাদেশ উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন প্রধান লক্ষ্য শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং গবেষণায় উৎকর্ষ সাধন।

পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেন, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি খাতে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি আরও জানান, দেশটির কিছু পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণায় উৎকর্ষের দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইউজিসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন— কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। এছাড়া কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।