Image description

বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফরে তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় আসবে বলে জানা গেছে।

বুধবার (৬ মে) বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, মোংলা বন্দরের উন্নয়ন, চীনে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং সরাসরি ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্ব পাবে।

এই সফরে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুর মধ্যে সরকারপ্রধান বেইজিং সফর করতে পারেন।

এছাড়াও গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম রুটে সরাসরি বিমান চালু, চীনা শিল্প প্রতিষ্ঠান স্থানান্তর এবং বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন নিয়েও আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলোও গুরুত্ব পাবে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য চীনের সমর্থন চাওয়া হবে।

অন্যদিকে, চীন তাদের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এবং ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়টি সামনে আনতে পারে। তিস্তা প্রকল্প নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, বিশেষ করে সম্প্রতি ভারতের সঙ্গে বৈঠকের পরপরই এই সফর হওয়ায়।

শীর্ষনিউজ